সংবাদদাতা,সালানপুরঃ- মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ সত্ত্বেও রাজ্যে থামছে না অবৈধ বালি পাচার ও ওভারলোডিং। এবার বৈধ চালানের আড়ালে অতিরিক্ত বালি পরিবহনের অভিযোগে একটি ১০ চাকার ডাম্পার আটক ও চালককে গ্রেফতার করল সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। ধৃত চালকের নাম রাম শঙ্কর যাদব। বৃহস্পতিবার তাকে আসানসোল আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কল্যাণেশ্বরী-দেন্দুয়া রোডে তল্লাশিকালে ডাম্পারটি আটক করা হয়। বারাবনির দোমহানি ঘাট থেকে ‘মনা দা’ নামক এক ব্যক্তির নামে কাটা চালানে ২৫ টন বালির উল্লেখ থাকলেও ওজন করে দেখা যায় তাতে ৩২ টন বালি রয়েছে। অর্থাৎ ৭ টন বালি অতিরিক্ত ছিল। এছাড়াও, চালানের সময়সীমা ২৬ মে শেষ হয়ে গেলেও ২৭ মে দুপুরেও ডাম্পারটি দিব্যি চলাচল করছিল।
বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় পুলিশ চালককে গ্রেফতার ও গাড়িটি বাজেয়াপ্ত করে। এই ঘটনার নেপথ্যে থাকা রহস্যময় ‘মনা দা’-র খোঁজ ও চক্রের শিকড় সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।


















