সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহেই আসানসোল শহরে জবরদখল উচ্ছেদে সক্রিয় হলো পুরনিগম। আসানসোল চেম্বার অফ কমার্সের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে আগামী ১৬ মে, শনিবার হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত এলাকায় বড়সড় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়।
পুরনিগম সূত্রে খবর, বুধবার ১৩ মে থেকেই সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে অবৈধ দখলদারদের সতর্ক করা হবে। এর আগে গত ১০ মে বণিকসভার পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণে এই রাস্তাটি দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছিল। সম্পাদক শম্ভুনাথ ঝাঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জিটি রোড ও বাজার এলাকাতেও একই পদক্ষেপের দাবি তুলেছেন। সেই সঙ্গে অটো ও টোটো নিয়ন্ত্রণেরও আর্জি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মাস কয়েক আগে একই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেও শেষ মুহূর্তে পিছু হটেছিল পুরনিগম। বিরোধীদের অভিযোগ ছিল, তৎকালীন মন্ত্রীর হস্তক্ষেপেই সেই অভিযান থমকে গিয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবার আর কোনো বাধা আসবে না বলেই মনে করছেন শহরবাসী। এখন দেখার, ১৬ মে-র অভিযানে হটন রোড শেষ পর্যন্ত যানজটমুক্ত হয় কিনা।


















