সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর থেকেই দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার ভুড়ি ভুড়ি অভিযোগ সামনে আসছে। এবার বাঁকুড়া পৌরসভায় স্টল বণ্টনকে ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে এল।
অভিযোগ পুরসভার ২ নং ওয়ার্ডের চকবাজারে নতুন মার্কেট কমপ্লেক্সের স্টলগুলি বৈধ টেন্ডার প্রক্রিয়া ছাড়াই বণ্টন করা হয়েছে। বিনা রশিদে প্রতিটি স্টলের জন্য ৫০,০০০ টাকা করে নেওয়া হয়। প্রমাণ হিসেবে প্রত্যেককে নোটারি না করা স্ট্যাম্প পেপারে একটি করে লিখিত কাগজ দেওয়া হয়েছিল। তবে ওই কাগজের কোনো আইনি বৈধতা নেই বলেই জানা গেছে।
আর এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলর রাজীব দে বিরুদ্ধে। এমনকি ৪ মে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ধরা পড়ার ভয়ে ওই টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দিয়ে দেওয়া হয় বলেও দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও টাকা ফেরতের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এই দুর্নীতিতে বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন অলোকা সেন মজুমদারও জড়িত ছিলেন বলে দাবি অভিযোগকারীদের।
যদিও এবিষয়ে প্রাক্তন কাউন্সিলর রাজীব দে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, কোনো দুর্নীতি হয়নি। এইসব অপপ্রচার করে বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি।
অন্যদিকে এই দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশাসনের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দুর্নীতির সঙ্গে যুক্ত কাওকেই ছাড়া হবেনা।


















