নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালকে স্ট্রংরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই স্টংরুমে তিনটি বিধানসভা কেন্দ্র—পাণ্ডেশ্বর, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিমের ইভিএম রাখা হয়েছে। ২৪ ঘণ্টা স্ট্রংরুমে কড়া নজরদারি রাখছে বন্দুকধারী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্ট্রংরুমের মতো সংবেদনশীল এলাকার কয়েকশো মিটারের মধ্যে জমায়েতের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু স্ট্রংরুমের বাইরে জমায়েত ঘিরে উত্তেজনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। আর সৈই ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফে দাবি করা হয়েছে হার নিশ্চিত জেনে তৃণমূল এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে আশান্তি ও উত্তেজনার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে সরকারি বিদ্যালয়ের মূল গেটের বাইরে কিছুটা দূরে বেশ কিছু মানুষ জটলা করে চিৎকার চেঁচামেচি করছে। আর কাছেই একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় নিউজ পোর্টাল।
অন্যদিকে এই ভিডিওটি নিয়ে সরব হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দলের জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “স্ট্রং রুমের মতো একটি সংবেদনশীল এলাকার ১০০ মিটারের মধ্যে জমায়েতের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তৃণমূল কংগ্রেস কমিশনের সেই নিয়ম লঙ্ঘন করছে। হার নিশ্চিৎ জেনে এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।” অন্যদিকে স্ট্রং রুমের বাইরে এই ধরনের কার্যকলাপে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্ত ও স্ট্রং রুমের নিরাপত্তা আরও জোরদার দাবি জানিয়েছেন তিনি। যদিও তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে বিষটি খতিয়ে দেখা হচ্ছে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















