রিমা ঘোষ, কলকাতা -: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিল বিজেপি সরকার। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে ১ জুন থেকে রাজ্যজুড়ে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
নির্বাচনী প্রচারের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় এলে মহিলাদের মাসিক অনুদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। সেই কথা রাখতেই পূর্বতন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের পরিবর্তে এই নতুন প্রকল্প আনা হলো। উল্লেখ্য, আগের ব্যবস্থায় সাধারণ শ্রেণির মহিলারা ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির (SC/ST) মহিলারা ১৭০০ টাকা পেতেন। বর্তমান সরকার জাতি-ধর্ম নির্বিশেষে সকল যোগ্য মহিলার জন্য এই অনুদান বৃদ্ধি করে ৩০০০ টাকা নির্ধারণ করেছে।
সরকারি এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ নারী সরাসরি উপকৃত হবেন। ১ জুন থেকে এই অর্থ প্রদান শুরু হওয়ার ঘোষণায় রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সরকারের এই পদক্ষেপকে বাংলার নারীশক্তির ক্ষমতায়নে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছে রাজনৈতিক মহল।


















