অঙ্কিতা চ্যাটার্জ্জী, রানীগঞ্জ -: রানিগঞ্জের সিয়ারসোল রাজবাড়ি মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। একটি দ্রুতগামী মারুতি ওয়াগেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বছর পঞ্চাশের এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কা মারার পরও চালক গাড়ি না থামিয়ে ওই আরোহীকে প্রায় ১০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়।
এই দৃশ্য দেখে উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে ফেলে এবং চালককে ধরে ব্যাপক মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে। গুরুতর আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার জেরে ১৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুটপাত জবরদখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে রাস্তার ওপর দিয়ে হাঁটছেন। যার ফলে রাজবাড়ি মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার ঝুঁকি ও যানজট উত্তরোত্তর বাড়ছে। এলাকাকে যানজটমুক্ত করতে প্রশাসনের কড়া হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।


















