সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই দুর্নীতি দমনে তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন। এই আবহে আসানসোলে বৈধ কয়লা কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম মুন্না সিং (৩২), এবং বিজয় সিং (৩৮)। ধৃত দুজনেই অন্ডালের বাসিন্দা।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ইসিএলের বিভিন্ন বৈধ কয়লা ডিপো এবং ডিও কয়লা বোঝাই গাড়ির চালক ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে। অভিযোগের ভিত্তিতে কেন্দা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় এবং হাতেনাতে দুই অভিযুক্তকে অস্ত্র ও গাড়িসহ গ্রেফতার করে।
ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং তোলাবাজি চক্রের মাথা কারা তার খোঁজ শুরু করেছে পুলিশ।


















