নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্য়ে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেই শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যে কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না । এই বিষয়ে পুলিশ প্রশাসনকেও কড়া নির্দেশ দিয়েছেন তিনি। এরপরই রাজ্য জুড়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা । এবার কড়া পদক্ষেপ করল দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশ। তোলাবাজি-গুন্ডাগিরির অভিযোগে গ্রেফতার করা হল দুর্গাপুরের দুই প্রাক্তন কাউন্সিলরকে।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হীরা বাউরী ও মানস রায়কে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
ফরিদপুর এলাকার বাসিন্দা হীরা বাউরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, দাদাগিরি ও এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল। অন্যদিকে গোপালমাঠের বাসিন্দা মানস রায়ের বিরুদ্ধেও একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগে বারবার সরব হয়েছেন স্থানীয়রা। অভিযোগ, সাধারণ মানুষকে নানা ভাবে চাপ সৃষ্টি করে প্রভাব বিস্তার করতেন দু’জনেই।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায়। এবং দুর্নীতির অভিযোগে এর আগেও তিনি গ্রেফতার হয়েছেন।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে দাদাগিরি, তোলাবাজি ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আগামী দিনেও লাগাতার অভিযান চলবে।

















