সন্তোষ কুমার মণ্ডল,বুদবুদঃ- রাজ্যে পালা বদলের আবহে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা। এই আবহে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনা ওরফে রুদ্রপ্রসাদ কুন্ডু। অশান্তি, ভয় দেখানো, দুর্নীতি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের দাবি, ক্ষমতায় থাকার সময় বুদবুদ গ্রাম পঞ্চায়েত এলাকায় মনা ছিলেন সর্বেসর্বা। বুদবুদ থানার পুলিশ কার্যত তার হাতের মুঠোয় ছিলো। বিরোধী দল সেখানে দাঁত ফোটাতে পারতো না।
এদিকে উপপ্রধানের গ্রেফতারের পরই বৃহস্পতিবার সকালে উপপ্রধান রূদ্রপ্রসাদ কুন্ডুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুদবুদ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী ও সমর্থকেরা। তারা দাবি তোলেন অভিযুক্ত তৃণমূল নেতার সহযোগীদেরও গ্রেফতার করতে হবে। এদিন বুদবুদ থানার পুলিশ আধিকারিকের সাথে দেখা করে নিজেদের দাবি জানিয়ে আসেন বিজেপি নেতারা।
অন্যদিকে উপপ্রধানের এই গ্রেফতার নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি আইন আইনের পথে চলবে। গলসি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “আইন তার নিজের পথে চলবে অসুবিধে কোথায়? ওই নেতার বিরুদ্ধে নিশ্চয় লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়েছে। সেটা কি জানিনা। তবে, আমি যতদূর জানি, আগের সব মামলায় জামিন নিয়েছিলো।”
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় একটি গন্ডগোলের ঘটনায় তৃণমূল কংগ্রেসের এই নেতার নামে অভিযোগ দায়ের হয়েছিলো। কিন্তু ভোটের ফল বেরোনোর পরেই তিনি এলাকা থেকে নিখোঁজ হয়ে যান। বুধবার রাতে তিনি বাড়ি ফিরতেই পুলিশ তাকে গ্রেফতার করে।




















