নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক এশিয়া প্যাসিফিক অপটোমেট্রি সম্মেলন ২০২৬। যেখানে দেশ-বিদেশের বহু চক্ষু বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন।
অনুষ্ঠানে কীনোট সেশন, প্যানেল আলোচনা, গ্র্যাজুয়েশন সেরিমনি, অ্যালামনাই মিট ও ‘অপটোশার্ক’ কর্মসূচির আয়োজন করা হয়। সম্মেলনে অপটোমেট্রি শিক্ষার উন্নতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং নতুন গবেষণার দিক নিয়ে মতবিনিময় করেন বিশেষজ্ঞরা। এছাড়া চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, নতুন গবেষণা এবং ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক কাউন্সিল অব অপটোমেট্রির সভাপতি ডাঃ রাজীব প্রসাদ, ইউএই-এর ডাঃ রিজওয়ানা হুসাইনদীন, ডাঃ আর. কৃষ্ণ কুমার, এইমসের বিজ্ঞানী ডঃ সঞ্জয় কুমার মিশ্র এবং রেটিনা সার্জন ডঃ কৃষ্ণ কান্ত রায় সহ বহু বিশেষজ্ঞ।
এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের প্রিন্সিপাল ডাঃ বিশ্বজিৎ মণ্ডলের মতে, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন ভবিষ্যতে চক্ষু চিকিৎসাকে আরও উন্নত করতে সাহায্য করবে।
প্রসঙ্গ উল্লেখ্য দুর্গাপুর শহরে এক দশক আগেও চোখের রোগের আধুনিক চিকিৎসা সম্ভব ছিল না, কিন্তু এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই চিকিৎসা হচ্ছে। দুর্গাপুরে এখন এই ধরনের গবেষণা ও চিকিৎসার সুযোগ বাড়ছে এবং মানুষও সচেতন হচ্ছেন।


















