নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে ক্ষমতায় এসে দুর্নীতি মুক্ত, ভয় মুক্ত, ভরসা যুক্ত পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গিকার নিয়েছে বিজেপি সরকার। রাজ্যে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। সেই মতো পুলিশ প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার জেরে রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হয়েছে। এদিকে দুর্গাপুর শিল্পাঞ্চলে বেআইনি লোহা কারবারিকে গ্রেপ্তারের দাবিতে সরব হল বিজেপি। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার সামনে চললো বিক্ষোভ।
বিক্ষোভরত বিজেপির কর্মীরা অভিযোগ , তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত রাজা গুন নামে এক অভিযুক্ত লোহা কারবারিকে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কেন ওই অভিযুক্তকে আটক করার পর মুক্তি দেওয়া হল, সেই প্রশ্ন তুলে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। কার মদতে, কিসের লোভে ওই দুষ্কৃতীকে ছেড়ে দেওয়া হয়েছে তার জবাবদিহি দাবি করে বিক্ষোভকারীরা। অভিযুক্তকে অবিলম্বে ফের গ্রেপ্তার করে বেআইনি লোহা চক্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভরত বিজেপি কর্মীরা।
এদিকে বিজেপির এই বিক্ষোভকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় নিউটাউনশিপ থানা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

















