নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কেন্দ্র সরকারের লাগাতার জ্বালানি তেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব আন্দোলনে সামিল হল জাতীয় কংগ্রেস। রবিবাসরীয় সকালের এই আন্দোলন নজরকাড়ে এলাকাবাসীর। যদিও এই প্রতিবাদকে রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ করে বিজেপি।
কংগ্রেসের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ক্ষোভ এড়াতে কেন্দ্র সরকার সাময়িকভাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমিয়েছিল। কিন্তু নির্বাচন শেষ হতেই আবার বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারেও আগুন লেগেছে। পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে।
এদিন সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় মিছিলকরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। হাতে প্ল্যাকার্ড ও মুখে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। সাইকেল রিকশা চালিয়ে প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী।
দেবেশবাবু কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “কেন্দ্রের সরকার প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েই চলেছে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম আকাশছোঁয়া। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। নির্বাচনের আগে দাম কমিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। এখন আবার দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমাতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস।”
অন্যদিকে কংগ্রেসের এই আন্দোলনকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “বিশ্বজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও ভারতবর্ষের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কংগ্রেস গঠনমূলক সমালোচনা না করে ভুলভাল প্রতিবাদ করছে।”


















