নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- .শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতন করতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল জেআইএস এডুকেশন এক্সপো ২০২৬। যেখানে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা ও পার্শ্ববর্তী রাজ্যের স্কুল কলেজের পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম ও জেআইএস এডুকেশন গ্রুপের ডিরেক্টর সরদার সিমরপ্রীত সিং।
উদ্যোক্তা জেআইএস এডুকেশনের তরফে জানানো হয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই এডুকেশন এক্সপোতে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার ও ধানবাদের প্রায় ১৩০টি স্কুল ও কলেজের পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকেরা অংশগ্রহণ করেছিলেন এবং ৩৬টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, ১৮৫টিরও বেশি অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়া হয়েছে।
এদিন জেআইএস গ্রুপের ডিরেক্টর সরদার সিমরপ্রীত সিং জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সঠিক দিশা দেখানোর লক্ষ্যেই এই উদ্যোগ। ছাত্রছাত্রী ও অভিভাবকদের উচ্চশিক্ষা, নতুন শিক্ষানীতি, প্রযুক্তির পরিবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতের সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক তথ্য ও দিশা দেওয়াও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রসঙ্গত উল্লেখ্য জেআইএস এডুকেশনের তরফে চলতি বছরে পশ্চিমবঙ্গের সাতটি জেলায় এডুকেশন এক্সপোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার পর দুর্গাপুরে এই এক্সপো আয়োজন করা হয়েছে। আগামী দিনে শিলিগুড়ি, মালদা ও কল্যাণীতেও একই ধরনের কর্মসূচি হবে। ভবিষ্যতে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করা হবে বলেও উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়।


















