নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি রাজ্য জুড়ে ডিম নিয়ে চর্চা কম নয়। দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত একের পর এক তৃণমূলের নেতা, মন্ত্রী (প্রাক্তন) দের লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে ডিম। বাদ পড়ছেন না তৃণমূলের তাবড় তাবড় নেতারাও। এই আবহে এবার পরিষেবা না মেলায় প্রধান ও উপপ্রধানকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, উঠল ‘চোর-চোর’ স্লোগান। ঘটনা দুর্গাপুরের কাঁকসা ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের।
স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। এলাকার রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল দেওয়া হচ্ছে না। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রও জমা নেওয়া হচ্ছে না। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের সমর্থকদের দেওয়া হচ্ছে বলেও দাবি বিক্ষোভকারীদের।
প্রতিবাদে এদিন পঞ্চায়েত কার্যালয়ে ভিড় জমান গ্রামবাসীরা। প্রথমে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। ওই সময় প্রধান ও উপপ্রধান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


















