নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবারের উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিল দুর্গাপুরের স্টিল টাউনশিপের হর্ষবর্ধন এভিনিউয়ের বাসিন্দা অভিমন্যু সিং। বৃহস্পতিবার ফল প্রকাশের পর দেখা যায়, রাজ্যের প্রথম দশ জনের তালিকায় নবম স্থানে রয়েছে অভিমন্যু। তার প্রাপ্ত নম্বর ৪৮৮।
দুর্গাপুর টি এন উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিমন্যু সিং ছোট থেকেই মেধাবী। সে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়াশোনা করেছে। এরপর একাদশ শ্রেণিতে দুর্গাপুরের ভিড়িঙ্গি টি এন ইন্সটিটিউশনে ভর্তি হয়। ইংরেজি ও গণিত বিষয়ে গৃহশিক্ষকের সাহায্য নিলেও, মূলত নিজের পরিশ্রম এবং একাগ্রতাতেই এই সাফল্য এসেছে বলে মনে করছে দুর্গাপুরের এই কৃতী ছাত্র।
অভিমন্যুর এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে। অভিমন্যুর বাবা দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্মী। ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত মা মিতালী সিং বলেন, “রামকৃষ্ণদেব ও মা সারদার আশীর্বাদ ছাড়া এই ফল সম্ভব হতো না। মাধ্যমিকের সময় ভেবেছিলাম আমার ছেলে প্রথম দশের মধ্যে থাকবে, কিন্তু তখন হয়নি। এবার উচ্চমাধ্যমিকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি খুব গর্বিত।” ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, ছেলে চিকিৎসক হতে চায়, তাঁরা সব সময় তার পাশে আছেন এবং সব রকম সহযোগিতা করবেন।
ভবিষ্যতে একজন বড় ডাক্তার হওয়ার স্বপ্ন অভিমন্যুর। অভিমন্যুর কথায়, “আমি একজন বড় ডাক্তার হতে চাই। কারণ সমাজে ডাক্তারের খুবই প্রয়োজন।” এদিকে অন্যান্যদের মতো অভিমন্যুও নিট রীক্ষা দিয়েছিল। কিন্তু সেই পরীক্ষা বাতিল করা হয়েছে। আবার সেই পরীক্ষা নেওয়া হবে, তাই এখন নতুন করে তার জন্য প্রস্তুতি নিচ্ছে সে।


















