eaibanglai
Homeএই বাংলায়দুর্নীতির অভিযোগে বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এক সিভিক ভলেন্টিয়ার সহ গ্রেফতার...

দুর্নীতির অভিযোগে বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এক সিভিক ভলেন্টিয়ার সহ গ্রেফতার ৬ জন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুর্নীতির সঙ্গে কোনরকম আপস বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো পুলিশ প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই মতো রাজ্য জুড়ে তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসন। এই আবহে গ্রেফতার করা হল আসানসোলের বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও এক সিভিক ভলেন্টিয়ার সহ ৬ জনকে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা , ২০২৬ সালে ভোটের আগে আতঙ্ক ছড়ানো হুমকি, মারধর সহ বিভিন্ন অভিযোগে রয়েছে ধৃতদের বিরুদ্ধে।

ধৃত বারাবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নাম সুকুমার সাঁধু। তিনি বারাবনি থানার ইটাপাড়ার বাসিন্দা। গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ারের নাম দেবাশীষ গোপ। তার বাড়ি বারাবনির ভানোড়াতে। বাকি চারজনের নাম উত্তম মন্ডল, দীনবন্ধু মাজি, সাজিদ খান ও শিবেন ঘাঁটি। শুক্রবার রাতে ৬ জনকে গ্রেফতার করে শনিবার তাদের আসানসোল আদালতে পেশ করে বারাবনি থানার পুলিশ।

জানা গেছে, ধৃত ৬ জন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বারাবনি ব্লকের সভাপতি অসিত সিংয়ের ঘনিষ্ঠ। সিভিক ভলেন্টিয়ার দেবাশীষ গোপ দীর্ঘদিন ধরে বারাবনি থানায় কর্মরত রয়েছে। কিন্তু অভিযোগ তিনি ডিউটি করতেন না। তাকে ডিউটির জন্য বলা হলে, সে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে হুমকি দিতো। এছাড়া ধৃতদের মধ্যে চারজন কয়লা কারবার, তোলাবাজি সহ সমাজ বিরোধী কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গ্রেফতারি ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মী ও সাধারণ মানুষের উপর হওয়া অত্যাচারের অভিযোগ তুলে তিনি তীব্র আক্রমণ শানান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং জানান, সব অত্যাচারের হিসাব নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments