নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো একাধিক মৌলিক দাবি পূরণের দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশে ধর্না মঞ্চ করে আন্দোলন করেছে দিশম আদিবাসী গাঁওতা। শনিবার ছিল ধর্নার ৫৫দিন। এই দিন ধর্নামঞ্চে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষিত রয়েছে। সেই কারণেই নির্বাচনের আগে তাঁরা ছয় দফা দাবিকে সামনে রেখে লাগাতার ধর্না শুরু করেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কাঁকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা, আইকিউ সিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং এসআইআর তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্ত করা। এছাড়াও এলাকায় আদিবাসীদের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়েছে।
শনিবার ধর্নামঞ্চে পৌঁছে আন্দোলনকারীদের কথা শোনেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। পরে তিনি বলেন,”প্রাক্তন তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আদিবাসীদের পাট্টা দেওয়ার। কিন্তু তারা কোন পাট্টা দিতে পারেননি। এখন বিজেপি সরকার গঠন করেছে। আমি একজন পূর্ণ মন্ত্রী হয়েছি। আমি সমস্যার কথা শুনতে পেয়ে এখানে এসেছি। আমি এলাকার দুজন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ ঘড়ুইয়ের সাথে আলোচনা করব সঙ্গে প্রশাসনিক আধিকারিকরাও থাকবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করব।”


















